শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
জাতীয় নির্বাচনী নিরাপত্তায় ব্যবহার হবে ডগ স্কোয়াড ও ড্রোন: স্বরাষ্ট্র উপদেষ্টা
logo

নির্বাচনী নিরাপত্তায় ব্যবহার হবে ডগ স্কোয়াড ও ড্রোন: স্বরাষ্ট্র উপদেষ্টা

 স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করবে বলে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে দুই পর্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সসহ সব কার্যক্রম রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বিতভাবে পরিচালিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ডসহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

তিনি জানান, প্রথম পর্বে বর্তমানে মোতায়েন বাহিনী দায়িত্ব পালন অব্যাহত রাখবে। দ্বিতীয় পর্বে ভোটকেন্দ্রিক মোতায়েন ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন চলবে। এ সময় পুলিশ, আনসার ও ভিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র‍্যাবের সমন্বয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন ও গণভোট উপলক্ষে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ বিশেষ টিম গঠন করে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে যুক্ত করা হবে। নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কেন্দ্রগুলোতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং চেকপোস্ট পরিচালনাও জোরদার করা হবে।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী এক লাখ, নৌবাহিনী পাঁচ হাজার, বিমান বাহিনী তিন হাজার ৭৩০, পুলিশ এক লাখ ৪৯ হাজার ৪৪৩, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাঁচ লাখ ৭৬ হাজার ৩১৪, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, কোস্টগার্ড তিন হাজার ৫৮৫, র‍্যাব সাত হাজার ৭০০ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১৩ হাজার ৩৯০ জনসহ মোট আট লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে।

আসন্ন নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ আট হাজার ৭৮০টি, গুরুত্বপূর্ণ ১৬ হাজার ৫৪৮টি এবং সাধারণ ভোটকেন্দ্র ১৭ হাজার ৪৩৩টি। অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ২৫ হাজার বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ আগামী ২০ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। এবারই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নির্বাচনে নিরাপত্তা পর্যবেক্ষণে বিভিন্ন বাহিনীর মোট ৪১৮টি ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি ডগ স্কোয়াডও মোতায়েন থাকবে।

তিনি জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার প্রস্তুতকৃত নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন বাহিনী, রিটার্নিং কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

খুঁজুন