শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পৌঁছে দিলেন শি জিনপিংয়ের আমন্ত্রণপত্র
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পৌঁছে দিলেন শি জিনপিংয়ের আমন্ত্রণপত্র

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে সৌজন্য সাক্ষাতের পর প্রেসিডেন্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে অফিসও করেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে সেনানিবাসের সশস্ত্রবাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন সরকার প্রধান তারেক রহমান।

এদিন পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

সকাল নয়টা চল্লিশে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তারেক রহমান। শুরুতেই জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বেলা পৌনে এগারটার দিকে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। একঘন্টারও বেশি সময়ব্যাপী বৈঠক শেষে বেলা বারটার দিকে সচিবালয় ত্যাগ করেন চীনা রাষ্ট্রদূত।

পরে সাক্ষাতের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘চীন সরকারের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের এ সৌজন্যে সাক্ষাৎ। তিনি চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।’

পরে মন্ত্রী পরিষদের সভা কক্ষে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। জনগনের কাছে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে গুরুত্বপুর্ন নির্দেশনা দেন সরকার প্রধান।

পরে সভার বিষয়বস্তু নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিকাল সাড়ে চারটার দিকে মন্ত্রিপরিষদের কার্যালয় থেকে বাসভবনের উদ্দেশে বের হন প্রধানমন্ত্রী।

খুঁজুন