বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো : জামায়াত আমির
logo

ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো : জামায়াত আমির

নির্বাচনে বিজয়ী হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বিভক্তি নয়, ঐক্য দরকার। জাতিকে যারা বিভক্ত করেছে, তারা জাতির বিরোধী শক্তি।

আজ শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা–১৭ আসনের আয়োজিত এক যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে জনগণ যাদের ওপর আস্থা রাখে, তাদেরকেই বেছে নেবে। তিনি জানান, জনগণ যদি জামায়াতকে নির্বাচিত করে, তবে সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে দেশ গড়ার কাজে যুক্ত করা হবে।

তিনি বলেন, কেউ কেউ বলেছেন, তারা ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে সরকার গড়বেন, তবে জামায়াতকে বাদ দিয়ে। জামায়াত আমির বলেন, জনগণ যদি তাদের নির্বাচিত করে, তবে কাউকেই বাদ দেওয়া হবে না। তিনি বলেন, দেশকে আর বিভক্ত দেখতে চান না এবং যারা বিভক্তির রাজনীতি করে, তারা জাতির ক্ষতিকারক শক্তি।

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সম্পদ চুরি, চাঁদাবাজি বা দখলদারীর মতো কাজের কোনো অভিজ্ঞতা জামায়াতের নেই। তিনি অভিযোগ করেন, দেশে এখনো ফ্যাসিবাদের লক্ষণ বিদ্যমান এবং দুর্নীতি, দখলদারী, চাঁদাবাজি, নারীর নিরাপত্তাহীনতা—এসবই এর প্রকাশ।

তিনি বলেন, পুরোনো ফর্মুলায় নয়, নতুন চিন্তায় দেশ পরিচালনার সময় এসেছে। জনগণের সরকার হবে এমন যেখানে দায়িত্বশীলরা নিজেদের আগে নয়, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।

দেশের বিপুল সম্পদ থাকা সত্ত্বেও জনগণ স্বাধীনতার পূর্ণ সুফল পায়নি বলে মন্তব্য করেন তিনি। বলেন, খনিজ সম্পদ ও সমুদ্রসম্পদ থাকা সত্ত্বেও দেশ এখনো বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারেনি—এটা বড় ব্যর্থতা।

জামায়াত আমির দাবি করেন, তারা কখনো দেশ ছেড়ে পালায়নি। জেল-জুলুম সত্ত্বেও দেশের মাটি ছেড়ে না গিয়ে জনগণের পাশে থেকেছেন। তিনি বলেন, এই দেশ, এই মাটি, এই মানুষই জামায়াতের শক্তি এবং ভালোবাসা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন