শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বে উত্তেজনা যে ১০ হাইভোল্টেজ ম্যাচ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকায় যোগ দিয়েই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় নতুন ভারতীয় হাইকমিশনারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই: নাহিদ ইসলাম খুলনায় যৌথ অভিযানের মাঝেই দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বাজেটে: অর্থমন্ত্রী দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
জাতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
logo

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মুজিবুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে, মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর রহমানের ছেলে। খবর পেয়ে স্থানীয় দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।

এদিকে ভারতীয় এক গণমাধ্যমকর্মী এই প্রতিবেদককে শুক্রবার রাতে জানান, নিহত মুজিবুর রহমানের লাশ ভারতের উনকোটি জেলা হাসপাতালে রয়েছে। শনিবার ময়নাতদন্ত করে লাশ বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দত্তগ্রাম সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির আওতায় পড়েছে। মুজিবুর রহমানসহ স্থানীয় এলাকার ৬-৭ জন যুবক শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্তের লখাইরচড় এলাকায় ভারতীয় চোরাই মাল আনতে গিয়েছিলেন। এ সময় ভারতের লাটিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মুজিবুর মারা যান এবং তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে এসে রক্ষা পায়।

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত মুজিবুর রহমানের পরিবারের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন।

চোরাই মালামাল আনতে গিয়ে বিএসএফের গুলিতে মুজিবুর মারা গেছে বলে ধারণা করছি। বর্তমানে ঘটনাস্থলে বিজিবির সঙ্গে নিহতের ভাই আজিজুর রয়েছে। সে ফোনে জানিয়েছে, তার ভাইয়ের লাশ বিএসএফ ভারতের হাসপাতালে নিয়ে গেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে মুজিবুর রহমান মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুলাউড়ার দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডার আমজাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

খুঁজুন