সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা পাবনায় ডিবির অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৩
logo

পাবনায় ডিবির অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৩

গোয়েন্দা (ডিবি) পুলিশ সন্ধান পেয়েছে জেলা  পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন ও পৌর এলাকার রূপকথা রোডে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র তৈরির কারখানার। এ ঘটনায় মোঃ আফজাল হোসেন (৬০)সহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দুইনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল (৭.৬৫ মি.মি.), চার রাউন্ড লোডেড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বোরহান মার্কেটে অবস্থিত তার দোকানেও আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে অস্ত্র তৈরী ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ট্রিগার, স্প্রিং, ফায়ারিং পিন, ব্যারেল ও বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশ, .২২ বোর গুলি ও খোসা, একনলা বন্দুকের বডি এবং একটি ড্রিল মেশিন।

তদন্তে জানা যায়, সংশ্লিষ্ট দোকানটির লাইসেন্স ছিল “সেলাই মেশিন ও এয়ারগান মেরামত” এর নামে। তবে এর আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি, মেরামত ও বেচাকেনার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে Arms Act, 1878 এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় কোথায় এসব অস্ত্র সরবরাহ করা হতো—তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ অস্ত্রের নেটওয়ার্ক ভেঙে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুঁজুন