সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন
logo

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন মামলার আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন।

বুধবার (১০ জুন) প্রধান বিচারপতির সই করা এক আদেশে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বিশেষ বেঞ্চ নারী এবং শিশু নির্যাতন দমন আইন-সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি পরিচালনা করবে।

আদেশে বলা হয়েছে, আদেশ অনুযায়ী, আগামী ১৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে এই বেঞ্চ হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনা শুরু করবে। বেঞ্চটি নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে উদ্ভূত মৃত্যুদণ্ড অনুমোদনের বিষয়, একই রায়ের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি আপিল ও জেল আপিল, এসব আপিল গ্রহণের আবেদন, সংশ্লিষ্ট ফৌজদারি বিবিধ মামলা, ফৌজদারি রিভিশন এবং এ ধরনের বিষয়ে জারি হওয়া রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

এর আগে গত ৭ জুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের একটি প্রস্তাবে সাড়া দিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্তের কথা জানান।

অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, শিশু রামিসা হত্যা এবং ধর্ষণ মামলাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত সব গুরুত্বপূর্ণ মামলার আপিল এই বেঞ্চে শুনানি হবে। এই বেঞ্চ শুধু এ ধরনের মামলার আপিল নিষ্পত্তির জন্যই নিবেদিত থাকবে।

খুঁজুন