উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের মতো সব স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী মোতায়েনের আইনি সুযোগ রাখতে চায়। একই সঙ্গে দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং এমপিওভুক্ত শিক্ষকেরা যেন স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে না পারে, সেজন্য আইনি বিধান যুক্ত করার প্রস্তাবও অনুমোদন করেছে ইসি। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংবিধানিক এই সংস্থা আইন ও আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে কমিশন সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে।নির্বাচনকে সামনে রেখে আইন ও আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্তসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে গণমাধ্যমকে ইসি সচিব আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মোট ৫টি আইনে কিছু সংশোধনী চেয়ে প্রস্তাবনা তৈরি করছে ইসি। এ সংশোধনীর ফলে নির্বাচনে প্রার্থী হওয়াসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে।আইন সংশোধনের পাশাপাশি এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ব্যবস্থা নেবে ইসি। ভোটার এলাকা স্থানান্তর, নতুন ভোটারদের ক্ষেত্রে শিক্ষা সনদ, এনআইডি পাবলিক পরীক্ষার সনদ যুক্ত করে মাঠপর্যায়ে সমাধানের ব্যবস্থা নেবে ইসি।এ সংশোধনীর ফলে নির্বাচনে প্রার্থী হওয়াসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে বলেও জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের পরীক্ষা শেষে এবার স্থানীয় সরকার নির্বাচনের পরীক্ষার দ্বারপ্রান্তে নির্বাচন কমিশন। সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর আগামী অক্টোবর মাসে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে ভোট শুরু করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।