উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আনিছুর রহমান সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে তিনি বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে চালক ও মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন।এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের জন্য একটি বড় হুমকি। তাই রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিককে আইন মেনে চলার এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে জনবান্ধব, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।