উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেক্স: ||
বিশ্বকাপ ফাইনালের সব প্রস্তুতি প্রায় শেষ । কিন্তু আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে প্রকৃতিই যেন হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রতিপক্ষ। কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সির আকাশ ঢেকে যাওয়ায় বিশ্বকাপ ফাইনাল নির্বিঘ্নে আয়োজন করা যাবে কি না, তা নিয়ে নজর রাখছে ফিফা ও আয়োজকরা।বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় এই ফাইনালে প্রায় ৮০ হাজারের বেশি দর্শকের উপস্থিতির কথা রয়েছে। এ ছাড়া ভিআইপি গ্যালারিতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টে এটিই হবে তার উপস্থিত থাকা একমাত্র ম্যাচ। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে ফাইনাল দেখতে আসার কথা রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমেরও।যুক্তরাষ্ট্রের বড় একটি অংশের আকাশ বর্তমানে কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে। এ পরিস্থিতি নিয়ে বিশ্বকাপ টাস্ক ফোর্স ও আবহাওয়া বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কর্তৃপক্ষ।হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, জাতীয় আবহাওয়া পরিষদের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে তারা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত কানাডাজুড়ে ৮৮৮টি দাবানল সক্রিয় ছিল। এর বেশিরভাগই তখনো নিয়ন্ত্রণের বাইরে ছিল। এর মধ্যে অন্টারিও প্রদেশেই জ্বলছিল ১৯০টির বেশি আগুন।এই দাবানলের ধোঁয়ার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও। নিউইয়র্ক ও নিউ জার্সি এলাকায় বায়ুর মানের অবনতি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। পাঠাগার, থানা ও ফায়ার স্টেশনগুলোতে কেএন৯৫ মাস্ক বিতরণ শুরু হয়েছে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দূষিত এই বাতাসে দীর্ঘ সময় অবস্থান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাদের মতে, একদিন ধরে এমন দূষিত বাতাসে থাকা শরীরের জন্য প্রায় ১০টি সিগারেট ধূমপানের মতো ক্ষতিকর হতে পারে।এ পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, ছাদহীন মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত সময়েই বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা সম্ভব হবে কি না। তবে আপাতত আশার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা।আবহাওয়াবিদ অ্যালেক্স ডা সিলভা রয়টার্সকে বলেন, ‘রোববার সকাল নাগাদ ধোঁয়ার বেশিরভাগই সরে যাবে। তখন বায়ুর মান অনেকটাই উন্নত হবে।’নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, বর্তমান ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতি সুস্থ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।তবে শেষ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিই নির্ধারণ করবে ফাইনালের পরিবেশ।