উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনার রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত দীর্ঘ প্রায় ৪ কিলোমিটারের গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য এক চরম মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির বেহাল দশা হয়েছে, যার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা।আজ সোমবার, একই স্থানে দুটি বড় ট্রাক বড় গর্তে আটকে গিয়ে সড়কের দুই পাশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শত শত যানবাহন এবং হাজার হাজার মানুষ আটকে পড়েছেন চরম ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ, এক দশকেরও বেশি সময় ধরে এই সড়কটি সংস্কারহীন অবস্থায় পড়ে আছে।সরেজমিনে দেখা যায়, সড়কের বিশাল গর্তগুলোতে বৃষ্টির জল জমে কাদার স্তূপ তৈরি হয়েছে। কাদার ভেতর দিয়ে চলতে গিয়ে যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। ট্রাক দুটি গর্তে আটকে যাওয়ার পর স্থানীয়রা মিলে অনেক চেষ্টা করেও তা তুলতে পারেননি।এই সড়কের বেহাল দশা সম্পর্কে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা এক যুগেরও বেশি সময় ধরে এই রাস্তার জন্য কষ্ট পাচ্ছি। রাস্তাটি সংস্কার করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমাদের হাজার হাজার মানুষের প্রতিদিনের জীবনযাত্রা নরকে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ কি আমাদের ভোগান্তি দেখতে পাচ্ছেন না?"অন্য এক চালক বলেন, "এই রাস্তায় গাড়ি চালানো একেবারেই অসম্ভব। প্রতিটি পদক্ষেপে দুর্ঘটনার ভয় থাকে। আজ দুটি ট্রাক আটকে যাওয়ায় আমাদের ভোগান্তির মাত্রা আরও বেড়ে গেছে।"এই ব্যাপারে খুলনার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।