উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা রেলস্টেশন এলাকা থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণসহ মাসুদ মোল্লা (৩০) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়।আটককৃত মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা।খুলনা রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রেলস্টেশন চত্বরে মাসুদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তার সাথে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে অবৈধভাবে বহন করা ওই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।