উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ৪ নং কেওড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট মো. শামীম আলম। তিনি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।অ্যাডভোকেট মো. শামীম আলম বলেন, পুরোনো ধ্যানধারণার পরিবর্তে জনসেবায় একটি নতুন ও কার্যকর ধারা প্রতিষ্ঠা করতে চান তিনি। তাঁর ভাষ্য, অতীতে সাধারণ মানুষকে বিভিন্ন সেবা পেতে চেয়ারম্যানের দ্বারে দ্বারে যেতে হতো। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে কোনো নাগরিককে হয়রানির শিকার হতে না হয়।তিনি দাবি করেন, কেওড়া ইউনিয়ন এখনো নানা দিক থেকে উন্নয়নে পিছিয়ে রয়েছে। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কঠোর অবস্থান নেওয়া হবে।দীর্ঘদিন ধরে কেওড়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে শামীম আলম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে তিনি কাজ করতে চান।সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষির উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে সরকারি সেবা সহজ ও দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।অ্যাডভোকেট মো. শামীম আলম বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। কেওড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ইউনিয়নে পরিণত করতে আমি সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”