উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনে শুক্রবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন।দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। চট্টগ্রাম পৌঁছে তিনি প্রথমেই বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলা পরিদর্শন করবেন।সেখানে দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করবেন তিনি। পরে চট্টগ্রাম মহানগরীতে ফিরে জোহরের নামাজ আদায় শেষে নগরীর কয়েকটি দুর্যোগকবলিত এলাকাও পরিদর্শন করবেন।সফরকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তার। একই সঙ্গে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন তিনি।সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জেলার বিভিন্ন স্থানে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।