উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করেছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে ‘একেবারেই প্রাসঙ্গিক নয়’ বলে। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার লক্ষ্যে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।ভারতে অবস্থানরত শেখ হাসিনা এ বছরই দেশে ফিরবেন বলে দেওয়া বক্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন,বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি, যিনি বাংলাদেশে বহু অন্যায়, অত্যাচার ও অপকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। তিনি সেখানে বসে কী বলছেন বা না বলছেন, সেটা দেশে একেবারেই প্রাসঙ্গিক নয়।তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্র্বতী সরকারের সময় ভারত সরকারের সঙ্গে যে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছিল, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।প্রতিমন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তি বা অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে যে আন্তর্জাতিক প্রটোকল ও নিয়মকানুন রয়েছে, সে অনুযায়ী শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে।তিনি বলেন,বাংলাদেশের জনগণ চায় এখানে সংঘটিত অন্যায়, দুর্নীতি, খুন ও গুমের অভিযোগের সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতেই হোক। সেই লক্ষ্যেই ভারত সরকারের সঙ্গে প্রক্রিয়া চলমান রয়েছে।শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ ধরনের প্রক্রিয়ায় সময় লাগে। অন্তর্র্বতী সরকারের সময় এটি শুরু হয়েছিল। পরে নির্বাচন ও নতুন সরকার গঠনের পর আবার প্রক্রিয়াটি সচল হয়েছে। এতে কূটনৈতিক কোনো ঘাটতি নেই।তিনি আরও বলেন, বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কাজ করছে। সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি কোনো জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে।