উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন প্রতিবেদক : ||
শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের।বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর।শপথ গ্রহণের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন অভিনেতা শিবা শানু। গত ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।ভোটগ্রহণ শেষে রাতভর গণনা শেষে ৪ জুলাই ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। নির্বাচনে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জয় চৌধুরী। এছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পালন শুরু করল।