উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনার চরের হাট নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে এক স্কুলছাত্রী দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিকভাবে ট্রলারে থাকা সহযাত্রী কয়েকজন যুবকের সাহসিকতায় তাকে অজ্ঞান অবস্থায় নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে ওই শিক্ষার্থী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ চরের হাট খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পার হচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে আচমকা ওই স্কুলছাত্রী ট্রলার থেকে নদীতে পড়ে যায়। মেয়েটিকে তলিয়ে যেতে দেখে ট্রলারে থাকা কয়েকজন যুবক তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়েন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।উদ্ধারের পরপরই স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটির ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এদিকে, খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ হাসপাতালে খোঁজখবর নিয়েছে। পুলিশ জানায়, মেয়েটির পরনে স্কুল ড্রেস রয়েছে, তবে তার কাছে কোনো পরিচয়পত্র বা বই-খাতা না থাকায় এখনো নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার জন্য আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় যোগাযোগ করা হচ্ছে।কোনো পরিবার যদি তাদের স্কুলপড়ুয়া মেয়ের সন্ধান না পেয়ে থাকেন, তবে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা স্থানীয় থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।