উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি পেশাদার ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার (০৩ জুলাই) সকাল আনুমানিক ১১:৪০ ঘটিকায় ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ রিপন (৩৫) ২। মোঃ সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম (৩০) ও ৩। টিপু আহমেদ ওরফে ডিশ টিপু (৫২)। ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক ০৬:২০ ঘটিকায় ধানমন্ডি থানাধীন ৭ নং রোডের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অফিসের উত্তর পাশে পাকা রাস্তার ওপর এক নৃশংস ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলাবাগান এলাকার বাসিন্দা দুই বন্ধু রাতে একটি জিম থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এরপর ধারালো চাপাতি বের করে তাদের গলায় ধরে আতঙ্ক সৃষ্টি করে একটি iPhone 17 Pro Max ও Samsung Galaxy S22 Ultra মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় এক বন্ধু বাধা দিলে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কোপায়, এতে তার বাম হাতের কবজির ওপর কেটে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে (৩ জুলাই) ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা দায়েরের পর পরই ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ১১:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে উক্ত ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। তারা ধানমণ্ডিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ ও এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।