উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হেলাল শেখঃ ||
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্থানীয় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।শুক্রবার (৩ জুলাই ২০২৬) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে আজ ভোররাত পৌনে ৩টার দিকে আশুলিয়ার বেরন এলাকার সরকার মার্কেট সংলগ্ন মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার গোরাট এলাকার স্থানীয় মোঃ সগির হোসেনের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোঃ সাব্বির আহম্মেদ পিয়াল (২৮) ও আশুলিয়ার ধনাইদ এলাকার স্থানীয় মোঃ রফিক উদ্দিনের ছেলে মোঃ সেলিম (৩৮)।পুলিশ জানায়, শুক্রবার ভোররাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার বেরন সরকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ সাব্বির আহম্মেদ ও মোঃ সেলিম নামের দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে আনুমানিক ৬ হাজার টাকা মূল্যের ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। আশুলিয়া থানা এলাকায় মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এইধনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।