উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা মহানগরীর গল্লামারীতে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এই হামলার ঘটনা ঘটে।আহত রফিকুল ইসলাম মানিক নগরীর এম এ বারি সড়কের বাসিন্দা রস্তুম মাঝির ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে মানিকের একটি ভাঙ্গারির দোকান রয়েছে। রাতে তিনি দোকানে অবস্থান করার সময় সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'সায়েল' নামের এক স্থানীয় সন্ত্রাসী কিছুদিন আগে ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় রাতে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।