উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।সোমবার (২৯ জুন) দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করা হবে।এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে বলে রোববার মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়।শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।উদ্বোধন হওয়া কর্মসূচিতে অংশ নিচ্ছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং নয় হাজার ২৬৮টি মাদরাসা।মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিবছর পাঁচ হাজার টাকা করে জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।মূল অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে স্থানীয় পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগও থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এ উপলক্ষে প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালির আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের প্রদর্শনী পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সেরা উদ্ভাবকদের মধ্যে পুরস্কারও বিতরণ করবেন তিনি।