উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
রাজধানীর কাফরুল বিআরটিএ (BRTA) কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে সেখানে কর্মরত আনসার সদস্যরা। বুধবার দুপুরে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সরকারি সেবা খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই অভিযান চালানো হয়। দুপুর আনুমানিক দেড়টার দিকে কাফরুল বিআরটিএ-তে লাইসেন্স ও ফিটনেসসহ বিভিন্ন কাজের জন্য আসা সাধারণ গ্রাহকদের লক্ষ্য করে তৎপরতা চালাচ্ছিল চক্রটি। দ্রুত কাজ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছিল এবং দালালি বাবদ সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।সন্দেহজনক আচরণের কারণে আনসার গার্ডের সদস্যরা রানা (৩৬) ও কবির হোসেন (৪৭) নামের দুই ব্যক্তিকে নজরদারিতে রাখেন। পরে টাকা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণসহ তাদের হাতেনাতে ধরে ফেলেন দায়িত্বরত আনসার সদস্যরা।আটকের পরপরই সেখানে নিয়োজিত বিআরটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট আটককৃত দুই দালালকে ১ মাস করে কারাদণ্ডাদেশ দেন। সাজা ঘোষণার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং কারাগারে পাঠানোর জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি কেপিআই (KPI) স্থাপনাগুলোর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের প্রতারণা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বিআরটিএ-সহ সব জনবহুল সরকারি কার্যালয়ে তাদের এ ধরনের কঠোর নজরদারি ও পেশাদার তৎপরতা অব্যাহত থাকবে।