উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন ডেক্স : ||
মাঠে বল পায়ে যখন তিনি নামেন, তখন মনে হয় ফুটবলটা কেবল একটা খেলাই নয়, এক জাদুকরী শিল্প। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়টি যেন আবারও মনে করিয়ে দিল এই দলের প্রাণভোমরা একজনই, তিনি লিওনেল মেসি। দলের বাকিরা যখন গোলের খেই হারিয়ে ফেলছিলেন, তখন অধিনায়কের জোড়া গোলই আলবিসেলেস্তেদের এনে দিল পূর্ণ ৩ পয়েন্ট। আর মাঠের সেই 'মেসি-নির্ভর' জয়ের উত্তাপ এসে লেগেছে সুদূর বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় তারকার এমন জাদুকরী পারফরম্যান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাসে মেতেছেন দেশের শোবিজ তারকারা।জার্সিতে উচ্ছ্বাস, স্ক্রিনে মেসিজয়ের পরপরই আর্জেন্টিনার জার্সি গায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। টেলিভিশনের পর্দায় যখন মেসির হাসিমুখ ভাসছিল, ঠিক সেটাকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে ছবি পোস্ট করে কনা লিখেছেন, "ইয়েস, আর্জেন্টিনা ভামোস।"একইভাবে ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নিতে আর্জেন্টিনার জার্সি পরা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। নেটিজেনদের উদ্দেশ্যে তার প্রশ্ন ছিল, "আর্জেন্টিনার ফ্যানদের কেমন লাগছে?"ব্রাজিল সমর্থকের মুখেও 'মেসি বন্দনা'!ফুটবল মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু মেসির জাদু যে সব দেয়াল ভেঙে দেয়, তার প্রমাণ মিলল অভিনেতা শরিফুল রাজের পোস্টে। নিজে ব্রাজিল সমর্থক হলেও মাঠের মেসির একটি ছবি শেয়ার করে রাজ লিখেছেন, "১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা পুরোপুরি জাদুকরী একটি বিষয়।"একই তথ্য শেয়ার করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও তার পোস্টে মেসিকে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সম্মান জানিয়েছেন।'ফুটবলের জমিদারী ব্যাপার স্যাপার'মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সকে একদম ভিন্ন চোখে দেখেছেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। কিছুটা রসাত্মক কিন্তু দারুণ এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, "একসময় ৫ গোল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই হতো, আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে বসে আছেন, তাও আবার একটি পেনাল্টি মিস করে।" মেসির এই আধিপত্যকে তিনি ফুটবলের 'জমিদারী ব্যাপার স্যাপার' বলে আখ্যা দিয়েছেন।ভালোবাসা যখন ফ্রেমবন্দিচিত্রনায়িকা পূর্ণিমা মাঠের জয়ের আনন্দকে উদযাপন করেছেন কেক কেটে। গায়ে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে সেই ছবি শেয়ার করে তিনি জানান, মেসির প্রতি ভালোবাসাই তাকে এই দলের প্রতি আটকে রেখেছে।তবে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি সরাসরি লিওনেল মেসির সাথে তোলা নিজের একটি দুর্দান্ত ছবি পোস্ট করে লিখেছেন, "গুড উইন নাই”।অস্ট্রিয়ার বিপক্ষে এই জয় যেন কেবল আর্জেন্টিনার ফুটবলারদেরই নয়, বাংলাদেশের শোবিজ তারকাদেরও একটা দারুণ উদযাপনের রাত উপহার দিল। মাঠের মেসি-নির্ভরতা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বিনোদন জগতের এই মেসি-উন্মাদনা নিয়ে কোনো বিতর্ক নেই!