উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রীড়া প্রতিবেদক: ||
বাংলাদেশ নারী দল টপ অর্ডারের ব্যর্থতার পর স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো একটি আসরে একাধিক ম্যাচ জয়ের কীর্তি গড়েছে টাইগ্রেসরা।সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ১০০ রানেই থেমে যায় পাকিস্তান।ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা।শেষদিকে সাত নম্বরে নেমে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। ৫ চারের সাহায্যে মাত্র ২২ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন তিনি। অধিনায়ক জ্যোতি ৩৮ বলে ৩৬ রান করেন।১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সতর্ক ব্যাটিং করলেও মাঝের ওভারগুলোতে বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে ছন্দ হারিয়ে ফেলে পাকিস্তান।নতুন বলে মারুফা আক্তার দুর্দান্ত বোলিং করে ইনিংসের প্রথম ওভারেই মেইডেন আদায় করেন। তবে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভার পর্যন্ত। নাহিদা আক্তার ৪৯ রানের জুটি ভেঙে দলকে ব্রেকথ্রু এনে দেন।এরপর দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণে যান অধিনায়ক জ্যোতি। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকায় বড় শট খেলতে গিয়ে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রান করতে সক্ষম হয় পাকিস্তান।এই জয়ে চলমান আসরে দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপের কোনো একক আসরে প্রথমবারের মতো একাধিক ম্যাচ জয়ের নতুন ইতিহাস গড়ল টাইগ্রেসরা।